spot_img

কৃষি উদ্ভাবন মিশনের বৈঠকে দুবাই যাচ্ছেন কৃষিমন্ত্রী

জলবায়ুর জন্য কৃষি উদ্ভাবন মিশনের (এগ্রিকালচার ইনোভেশন মিশন ফর ক্লাইমেট) প্রথম মন্ত্রিপর্যায়ের মিটিংয়ে অংশ নিতে দুবাই যাচ্ছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সংযুক্ত আরব আমিরাত ও আমেরিকার আমন্ত্রণে আগামী ২০-২১ ফেব্রুয়ারি দুবাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে এ মিটিংটি অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এগ্রিকালচার ইনোভেশন মিশন ফর ক্লাইমেট সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ উদ্যোগ।

গতবছর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-২৬) আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু। ২০২১-২০২৫ মেয়াদে ৫ বছরব্যাপী এ উদ্যোগের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি ও ফুড সিস্টেম উদ্ভাবনে বর্ধিত বিনিয়োগ, গবেষণা ও সহযোগিতা সম্প্রসারণ। প্রাথমিকভাবে এ খাতে ৪ বিলিয়ন ডলার বর্ধিত বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশসহ বর্তমানে ৩৬টি দেশের সরকার ও ৭৫ টি বেসরকারি প্রতিষ্ঠান এগ্রিকালচার ইনোভেশন মিশন ফর ক্লাইমেট অংশীদার।

মিটিংয়ে সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রী মারিয়ম আলমেইরি, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব এগ্রিকালচার থমাস জে ভিলস্যাকসহ প্রায় ৩০ টি দেশের কৃষিমন্ত্রী ও অন্যান্য বেসরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ