পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাজনীতি কোনো ঘৃণার বিষয় নয়। আমি বাংলাদেশ আওয়ামী লীগ করে গর্বিত। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু স্বাধীনতা অর্জনেই নয়, দেশ গড়ার পেছনেও অগ্রণী ভূমিকা রেখেছে।
শনিবার (১৯ মার্চ) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা কখনো নির্বাচন ভয় পাই না। আওয়ামী লীগের নির্বাচনে ভয় পাওয়ার কোনো অতীত ইতিহাস নেই। আমরা গর্বিত জাতি। আমরা রাজনীতি ভয় পাই না।
তিনি বলেন, আমরা জাতি হিসেবে এক। আমাদের মাতৃভূমি, মাতৃভাষা, সংস্কৃতিতে ধরে রাখতে জাতীয় ঐক্যের প্রয়োজন। অনেকেই অবৈধভাবে মসনদে বসার চেষ্টা করে, কিন্তু শেখ হাসিনা সরকারের সেই বাসনা নেই। যদি কেউ ক্ষমতায় আসতে চায় তাহলে অবশ্যই নির্বাচনের মাধ্যমে আসতে হবে।
এম এ মান্নান বলেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অনেক জাতির জন্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য শিক্ষণীয়। নিউইয়র্কের বিশাল ঝড়ের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।










