গত সাত মাস ধরে লেবাননে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। আর এ শূন্যতার অবসান ঘটাতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যৌথ আহ্বান জানিয়েছেন।
ফরাসী নেতাদের সাথে বৈঠক ও ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ নিয়ে আলোচনা করতে বর্তমানে ফ্রান্স সফরে রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স। এসময় এক বৈঠকে উভয়েই এ আহ্বান জানান।
এ বৈঠকে উভয়েই একমত হন যে, লেবাননে রাষ্ট্রপতির অনুপস্থিতির ফলে দেশটির গুরুতর আর্থ-সামাজিক সংকট সমাধানে বাঁধা দিচ্ছে।
গত বছরের শেষের দিকে লেবাননের প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল আউনের মেয়াদ শেষ হয়। এরপর থেকে দীর্ঘ ৭ মাস কোন রাষ্ট্রপতি ছাড়াই চলছে দেশটি। চলতি সপ্তাহে দেশটির সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের প্রচেষ্টা করলেও তা ব্যর্থতার মুখ দেখে।
এ বৈঠকে উভয় নেতা নিকট ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, উত্তেজনা নিরসন ও স্থিতিশীলতার বিষয় নিয়েও আলোচনা করেন।
বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট সৌদি আরবের সাথে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও ভিশন ২০৩০ বাস্তবায়নে সৌদি আরবকে সমর্থনের কথা জানিয়েছেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর












