অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে আহত ফিলিস্তিনি ফুটবলার ফাদি হামদাল্লাহ আল-নাসান মারা গেছেন। তার পরিবার ও স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।
১৭ বছর বয়সী আল-নাসান ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিলেন। গত ১১ জুলাই তিনি গুলিবিদ্ধ হন।
শনিবার (১৮ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আল-নাসান আল-মুঘাইয়ির ক্লাবের হয়ে খেলতেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিলেন।
শনিবার কালো পোশাক পরা একদল মানুষ রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স থেকে তার মরদেহ নিয়ে নিজ গ্রাম আল-মুঘাইয়িরে যান। পরে সেখানে তাকে দাফন করা হয়।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, বসতিস্থাপনকারীরা গ্রামে হামলা চালানোর সময় ইসরাইলি বাহিনীর ছোড়া গুলি আল-নাসানের উরুতে লাগে। পরে তার একটি পা কেটে ফেলতে হয়। সেই আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
পিএফএ এক বিবৃতিতে জানায়, “ফাদির মৃত্যুর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৬৮ জন ফিলিস্তিনি ফুটবল অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন।”
ফাদির বাবা হামদাল্লাহ আল-নাসান বলেন, হামলার সময় মেয়েদের চিৎকার শুনে তার ছেলে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়েছিল।
তিনি বলেন, “সে হামলার জায়গায় গিয়েছিল। সেখানেই তাকে হত্যা করা হয়।”
ফাদির মা হানান আল-নাসান বলেন, “সে ভালো ছাত্র ছিল, খেলাধুলায় ভালো ছিল এবং ফুটবল খেলতে ভালোবাসত। সবাই তাকে ভালোবাসত।”










