ভারতের রাজস্থান রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে মসজিদ, মাদরাসা, দরগাহ, বসতবাড়ি ও অন্যান্য স্থাপনার বিরুদ্ধে চলমান বুলডোজার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
শনিবার (১৮ জুলাই) এক অন্তর্বর্তী আদেশে আগামী দুই সপ্তাহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কোনো ধরনের উচ্ছেদ বা ভাঙচুরমূলক অভিযান না চালানোর নির্দেশ দেন আদালত।
একই সঙ্গে আবেদনকারীদের রাজস্থান হাইকোর্টের যোধপুর বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টে বিষয়টির শুনানি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তিতে কোনো ধরনের উচ্ছেদ কার্যক্রম চালানো যাবে না বলেও আদেশে উল্লেখ করেন সুপ্রিম কোর্ট।
ক্ষতিগ্রস্ত নাগরিকদের পক্ষে জমিয়তে উলামায়ে হিন্দ এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে। শুনানিতে আবেদনকারীদের আইনজীবীরা আদালতকে জানান, রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলোতে মসজিদ, মাদরাসা, দরগাহসহ বিভিন্ন ধর্মীয় ও আবাসিক স্থাপনার বিরুদ্ধে ধারাবাহিকভাবে বুলডোজার অভিযান চালানো হচ্ছে। তাই ক্ষতিগ্রস্তদের মৌলিক অধিকার রক্ষায় অবিলম্বে অন্তর্বর্তী সুরক্ষা প্রয়োজন।
আবেদনকারীদের যুক্তি বিবেচনায় নিয়ে আদালত সাময়িকভাবে উচ্ছেদ কার্যক্রমে স্থগিতাদেশ দেন। একই সঙ্গে বিষয়টি নিষ্পত্তির জন্য রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এদিকে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশকে স্বাগত জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত নাগরিক, মসজিদ, মাদরাসা, দরগাহ এবং অন্যান্য ধর্মীয় ও আবাসিক স্থাপনার সুরক্ষায় সংগঠনটির আইনি লড়াই অব্যাহত থাকবে।
মাওলানা মাহমুদ মাদানী আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত ভারতের সংবিধান ও আইনের শাসনের ভিত্তিতেই এ বিরোধের ন্যায়সংগত সমাধান হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অধিকার নিশ্চিত হবে।
সূত্র: ইউএনএ নিউজ।










