ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও তরুণ প্রজন্ম যে লক্ষ্য নিয়ে চব্বিশের আন্দোলন করেছিল তা পূরণ হয়নি। জুলাইয়ের গণ-অভ্যুত্থানসহ অতীতের প্রতিটি অভ্যুত্থান, সংগ্রামের পরেই দেশ এমন শক্তির হাতে গিয়েছে, যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ নয়।
আজ রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন আয়োজিত ‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই বলেন, শেয়ালের কাছে মুরগি বর্গা দেয়ার মতো ভুল, বারবার করার কারণেই জাতির ভাগ্যে বারবার এমন হতাশা নেমে আসে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে ইসলামকে ক্ষমতায় নিতে কাজ করতে হবে। কারণ, ইসলামী শরীয়াহ-র শাসনই প্রকৃত আদর্শ শাসন।
তিনি বলেন, চব্বিশের এই উত্তাল দিনগুলোতে আমরা আমাদের রাজনৈতিক অস্তিত্বকে হুমকির মুখে রেখেও রাজপথে অবস্থান নিয়েছি। চব্বিশের এই দিনেও বাইতুল মোকাররমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও মিছিলে আমি ও আমার যুবকর্মীরা ছিলাম। আমাদের ওপরেও নির্বিচারে গুলি চালিয়েছিলো স্বৈরাচারের পেটোয়া বাহিনী।
তিনি আরও বলেন, আমি ও আমার দলের শীর্ষ নেতৃত্ব সবাই সেদিন গুলির মুখে লড়াই করেছি। আমি সেদিনই বলেছিলাম, যত শক্তিশালীই হোক, ফ্যাসিবাদের পতন হবেই ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের পতন হয়েছে।










