ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ বলেছেন, আফগানিস্তানে ধ্বংসাত্মক ভূমিকা পালন করছে আমেরিকা এবং প্রকৃতপক্ষে ওয়াশিংটন মুসলিম দেশগুলোর নিরাত্তার কথা কখনো বিবেচনা করে না।
রোববার (১৮ অক্টোবর) মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশন বা এইচসিএনআর’র প্রধান ড. আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে একথা বলেন তিনি।
ইরানি স্পিকার বলেন, আমেরিকা শুধুমাত্র তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় এবং তাতে মুসলিম দেশগুলোর কতটা ক্ষতি হলো সেদিকে তাদের কোনো খেয়লাই থাকে না। আমেরিকা মুসলিম দেশগুলোর উন্নতি ও নিরাপত্তার দিকে মোটেই দৃষ্টিপাত করে না।
বাকের কলিবফ বলেন, ১৯৭৯ সালে সোভিয়েত আগ্রাসন থেকে আফগানিস্তান নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতায় ভুগছে এবং মার্কিন বাহিনীর উপস্থিতিতেও বর্তমানে সেই একই অবস্থা বিরাজ করছে। মার্কিন সেনারা আসলে আফগানিস্তানে নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু দেখবে না বলেও তিনি মন্তব্য করেন।
সূত্র: পার্সটুডে











