বিশ্ববাসীর চোখের সামনেই গাজ্জায় প্রতিদিন গণহত্যা, হত্যাকাণ্ড, অনাহার ও অন্যান্য নৃশংসতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, দখলদার ইসরাইল গাজ্জাকে ‘বিশ্বের বৃহত্তম বন্দিশিবিরে’ পরিণত করেছে।
বুধবার (১৮ নভেম্বর) আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির সংসদীয় দলের এক সভায় এসব কথা বলেন তিনি।
এরদোগান বলেন, গাজ্জায় প্রায় প্রতিদিনই পুরো বিশ্বের চোখের সামনে গণহত্যা, হত্যাকাণ্ড, বৈষম্য, বিচ্ছিন্ন করে রাখা, অনাহার এবং আরও অনেক নৃশংসতা চলছে। দখলদার ইসরাইলি সরকার গাজ্জাকে বিশ্বের বৃহত্তম বন্দিশিবিরে পরিণত করেছে।
শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গাজ্জায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে বলে সতর্ক করেন তুরস্কের প্রেসিডেন্ট। এ পরিস্থিতির জন্য তিনি ইসরাইলের অমানবিক বিধিনিষেধকে দায়ী করেন। ফিলিস্তিনি শিশুদের দুর্দশা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এরদোগান। তিনি এমন সব দৃশ্যের কথা তুলে ধরেন, যেখানে পরিবারগুলো পর্যাপ্ত আশ্রয় ছাড়াই ঠান্ডার মধ্যে বন্যার পানি ও কাদায় মানবেতর জীবনযাপন করছে।
দীর্ঘদিন ধরে নিজেদের গণতন্ত্র ও মানবাধিকারের রক্ষক হিসেবে তুলে ধরা দেশগুলোরও সমালোচনা করেন এরদোগান। তিনি বলেন, এসব দেশের ভণ্ডামি এখন প্রকাশ্যে চলে আসছে। মুসলিম বিশ্বের আরও জোরালো ভূমিকার আহ্বান জানিয়ে এরদোগান বলেন, গাজ্জার পরিস্থিতি মোকাবিলায় নিজেদের ভূমিকা নিয়ে মুসলিম দেশগুলোর আত্মসমালোচনা করা উচিত।
তিনি বলেন, শুধু অন্যদের ওপর নির্ভর না করে মুসলিম হিসেবে আমাদেরই পদক্ষেপ নিতে হবে এবং দখলদার ইসরাইলের ওপর আরও বেশি চাপ প্রয়োগ নিশ্চিত করতে হবে। শীতের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আগেই গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছে দিতে মুসলিম দেশগুলোর প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান তিনি।
এরদোগান বলেন, গাজ্জায় আমাদের ভাই-বোনদের কাছে কনটেইনার পাঠাতে আমরা প্রস্তুত। মানবিক সহায়তার বিষয়েও আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
তিনি আরও বলেন, অন্যরা চোখ বন্ধ করে থাকুক কিংবা বধিরের মতো আচরণ করুক, গাজ্জায় নিপীড়নের মুখে আমরা নীরব থাকব না। একা হয়ে গেলেও তুরস্ক তার মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে জোর দিয়ে বলেন এরদোগান।
আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এরদোগান সতর্ক করে বলেন, বিশ্ব এখন গভীর অনিশ্চয়তা ও ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমরা এখন এক বেদনাদায়ক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। পুরোনো বিশ্বব্যবস্থা ভেঙে পড়ছে। এর জায়গায় কী আসবে, তা কেউ জানে না। আর গণমাধ্যম ও টেলিভিশনের পর্দায় যা দেখা যাচ্ছে, তার চেয়েও তীব্র ও ধ্বংসাত্মক প্রতিযোগিতা পর্দার আড়ালে চলছে।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার উদাহরণ হিসেবে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার কথা উল্লেখ করেন এরদোগান।
তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ উভয় পক্ষের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অব্যাহত রয়েছে। একই সময়ে বিমানবাহী রণতরী মোতায়েনের ফলে পারস্য উপসাগরে আবারও উত্তেজনা বাড়ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি











