spot_img
spot_img

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। একই রাতে নগরীর বিআরটিসি বাস ডিপোতে অগ্নিসংযোগ, রেললাইনে আগুন ও লাল নিশান টাঙানো, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকায় শাহরিয়ার আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তাঁদের কথা হয়েছে। ওসি জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চারঘাটের দিক থেকে এসে বাড়ির ফটকের সামনে সামান্য আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আশপাশের লোকজন দ্রুত বিষয়টি টের পাওয়ায় তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিওটির বিষয়ে কোনো মন্তব্য করেননি পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।

এদিকে, রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

একই রাতে রাজশাহীর চারঘাট উপজেলার বাগমারী এলাকায় রেললাইনে আগুন দেওয়া ও লাল নিশান টাঙানোর ঘটনা ঘটে। এতে একটি ট্রেন আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে লাল নিশান সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

এ ছাড়া রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘড়িয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুনে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ