ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ও ভোটাধিকার এবং বাক-স্বাধীনতা থেকে বঞ্চিত।
রবিবার (১৯ ডিসেম্বর) সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, বাংলাদেশের বিজয়কে অস্বীকার করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ৭১-এর বিজয়কে পাকিস্তানের সাথে তাদের সেনাবাহিনীর বিজয় বলে বক্তব্য দেওয়ার দু:সাহস কিভাবে দেখায়, বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তুলেছে।
মুফতী ফয়জুল করীম আরও বলেন, ভারতপ্রেমী নৈশ ভোটের সরকার আজ পর্যন্ত জোরালো প্রতিবাদ জানাতেও ব্যর্থ হয়েছে। সরকারের মন্ত্রী এমপিদের ভারতের প্রতি মায়াকান্না দেখে ভাবতেও কষ্ট হয়ে যায় মন্ত্রী-এমপিরা বাংলাদেশের নাকি ভারতের?
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, আলহাজ্ব আব্দুর রহমান প্রমুখ।










