মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে।
তিনি বলেন, সীমিত আকারে অনুপ্রবেশের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার ব্যাপারে পশ্চিমের প্রতিক্রিয়া যথেষ্ট কম হবে।
বুধবার (১৯ জানুয়ারি) ক্ষমতা গ্রহনের এক বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাইডেন বলেন, তিনি বিশ্বাস করেন না যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ চান, তবে তিনি বলেন, রুশ নেতা এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন, যা নিষ্ক্রিয় করা কঠিন হয়ে যাচ্ছে এবং এটি সহজেই এই অঞ্চলের নিয়ন্ত্রণ ‘হাতছাড়া’ করে দিতে পারে।
বাইডেন আরও বলেন, পুতিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে পরীক্ষা করার জন্য একটা সীমিত মাত্রার অভিযানের পরিকল্পনা করতে পারেন, এতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের থেকে কম প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।











