বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা ভেবেছিল জিয়াউর রহমানকে শেষ করে দিলে বিএনপি শেষ হয়ে যাবে, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম জিয়া আজ হাসপাতালে ধুকে ধুকে মৃত্যুশয্যায় জীবন কাটাচ্ছেন। আমাদের নেতা তারেক রহমান বিদেশের মাটি থেকে বাংলাদেশে আসার প্রহর গুনছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, এখানে অনেকেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেন নাই। তার সঙ্গে কাজ করার সুযোগ হয় নাই। আর যদি এমনি এমনি দিবসগুলো চলে যায় তাহলে জিয়াউর রহমান সম্পর্কে জানা হবে না। আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের যাদের জিয়ার সঙ্গে রাজনীতি করার সুযোগ হয়েছে সেদিক থেকে বলতে চাই, আমরা একজন ক্ষণজন্মা পুরুষকে হারিয়েছি।
‘বিএনপি বোঝে না আমরা কি করতে যাচ্ছি।’- তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এর এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপি খুব ভালো করে বোঝে আপনারা কি করতে যাচ্ছেন। আপনারা বাকশালকে পুনর্প্রবর্তন করতে যাচ্ছেন। এটা বিএনপি খুব ভালো জানে।
তিন বলেন, আপনারা কিসের আইন পাস করবেন? আপনারা তো অনির্বাচিত সরকার। আপনারা কোনো আইন পাস করতে পারেন না। আপনারা যে আইন করবেন সেটি বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।











