বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমান পথে পথে হেঁটেছেন, খাল খনন করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, তাই তিনি রাজাদের রাজা ছিলেন। তিনি সফল রাষ্ট্রপতি ছিলেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে ‘মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৬তম জন্মবার্ষিকী’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আয়োজনে আলোচনা সভা ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, জিয়াউর রহমানের জীবনাদর্শনেই গণতন্ত্রকে মুক্ত করার নির্দেশনা রয়েছে। জিয়াউর রহমানের নীতি, আর্দশ ও নির্দেশনা ধারণ করে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে তথা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, সাংস্কৃতিক অঙ্গণে কবিতা, গানের মাধ্যমে অনেক কিছু করার আছে। কারণ, সাংস্কৃতিক অঙ্গণের কোনো সীমারেখা নেই। তাই জিয়াউর রহমানের আর্দশ অনুসরণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভেতর দিয়েই গণমুখী আন্দোলনেই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে।










