spot_img
spot_img

ভারতে মুসলিমবিদ্বেষী বক্তব্যের অপরাধে হিন্দু পুরোহিত গ্রেফতার

ভারতের হরিদ্বারে গত মাসে তিন দিনের ‘ধর্ম সংসদ’ নামের আয়োজনে মুসলিম নারীদের বিরুদ্ধে অপমানজনক বক্তব্যের অপরাধে মুসলিমবিদ্বেষী হিন্দু পুরোহিত ইয়াতি নরসিংহানন্দকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি হরিদ্বার পুলিশ সর্বানন্দ ঘাটে অনশন কর্মসূচি পালনের সময় তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) একটি আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছে।

৫৮ বছর বয়সী নরসিংহানন্দ উত্তর প্রদেশের প্রভাবশালী দসনা দেবী মন্দিরের প্রধান। গত মাসে হরিদ্বারে আয়োজিত অনুষ্ঠানে উগ্র হিন্দুত্ববাদী নেতারা প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ডাক দিয়েছিলেন। এই নেতাদের একজন ছিলেন নরসিংহানন্দ। হরিদ্বারের অনুষ্ঠানে মুসলিমবিদ্বেষী উসকানি ও ভাষণের জন্য দুটি এফআইআর দায়ের করা হয়েছে। প্রথম এফআইআর দায়ের করা হয় ২৩ ডিসেম্বর। দ্বিতীয়টি দায়ের করা হয় ২ জানুয়ারি।

এর আগে একাধিকবার বিতর্ক তৈরি করেছেন নরসিংহানন্দ। টানা কয়েক মাস ধরে তার বিরুদ্ধে মুসলিম নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্যের অভিযোগ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম তার বক্তব্য লাখো ভক্তের কাছে পৌঁছায়। যার ফলে উগ্র হিন্দুত্ববাদীদের একটি বৃহত্তর বাহিনী গড়ে উঠছে।

এর আগে বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র নারায়ণ ত্যাগীকে ১৩ জানুয়ারি গ্রেফতার করা হয়। সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ ও উত্তরাখন্ড সরকারকে নোটিশ পাঠানোর পর এই দুজনকে গ্রেফতার করা হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ