প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি আজ রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফের বৈঠকে বসবে। আজকের বৈঠক থেকে ১০ জনের নাম চূড়ান্ত হতে পারে।
বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করবেন।
এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সার্চ কমিটির পঞ্চম বৈঠকে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন।
সচিব বলেন, আইনে প্রদত্ত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামগুলো থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। আগামী দু-একটি সভায় চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
১০ জনের নামের চূড়ান্ত তালিকা কখন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আরও দু-একটা মিটিং হবে। এরপর সবকিছু আপনারা জানতে পারবেন।










