‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় আছে। মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার দিয়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ বলবেন। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি, সভা-সেমিনারের ক্ষেত্রে ‘জয় বাংলা’ বলতে হবে।
২০২০ সালে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।










