সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশে দূরারোগ্য বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। সীমিত আয়ের অসহায় মানুষের পক্ষে এসব রোগের ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়। বিষয়টি বিবেচনায় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবছর ৩০ হাজার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কিডনি ডায়ালাইসিস সেবায় ভর্তুকি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে। ক্যানসার, কিডনিসহ ছয়টি দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় সরকার নিয়মিত অনুদান দিচ্ছে।
অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিতদের সহায়তায় প্রবাসীদের উদ্যোগে পরিচালিত ‘আগে দেশ’ সংস্থার কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগী সংস্থা ও ব্যক্তি উদ্যোগে মানবতার সেবায় এগিয়ে আসলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।










