দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
তিনি বলেন, দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেবো না। তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে—সেটি নিশ্চিত করাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান লক্ষ্য।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গত দেড় বছরে বিশেষ করে জুলাই-আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভঙ্গুর ছিল উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, তখনই গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তিনি বলেন, আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি। এখন দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও উন্নত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে আমরা সফল হবো।











