দেশে ডেন্টাল চিকিৎসকের সংকট রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেন্টাল চিকিৎসকদের জন্য ডেন্টাল সার্ভিসে ৬৫০টি নতুন পদ তৈরি করা হয়েছে। শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু হবে। এছাড়াও রাজশাহী ও চট্টগ্রামে দুটি ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২০ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ওরাল হেলথ দিবস উপলক্ষে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সব চিকিৎসাই গুরুত্বপূর্ণ। কিন্তু ডেন্টাল চিকিৎসা নিয়ে আমরা অবহেলা করি। আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মুখ ও দাঁত। এটি শুধু চেহারাকেই সুন্দর করে না, সুস্থ থাকতেও মানুষকে সহায়তা করে।
দাঁতের গুরুত্বের ব্যাপারে জাহিদ মালেক বলেন, দাঁতের কী মর্ম সেটি আমরা বুঝি না। কিন্তু দাঁতে ব্যথা হলেই দাঁতের মর্ম বুঝা যায়। আমরা দাঁত নিয়ে সচেতন নই। পরিষ্কার রাখি না, নিয়মিত ব্রাশ করি না। ডেন্টাল চিকিৎসক যারা আছেন, তারা মানুষকে অবশ্যই দাঁতের গুরুত্ব তুলে ধরবেন।
তিনি বলেন, তামাক ও পান-সুপারির কারণে দাঁতে নানা রোগ হয়। ক্যান্সার হয়। মুখ ও গলার ক্যান্সার তামাকের কারণে হয়ে থাকে। এ ক্ষেত্রে ডেন্টাল চিকিৎসকরা ভূমিকা রাখতে পারেন।










