spot_img

বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে।

সোমবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি। বিবৃতিতে তিনি মাদারীপুরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কার্যকরী সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি সড়কে চালক, পরিবহণ শ্রমিক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ না জানিয়ে হীন রাজনৈতিক উদ্দেশে শুধু সমালোচনার জন্য সমালোচনা করে যাচ্ছে বিএনপি।

তিনি বলেন, প্রতিটি মৃত্যুই বেদনার। সরকার সড়কে একটি মৃত্যুও চায় না। সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এরই মধ্যে সড়ক পরিবহণ আইন-২০১৮ প্রণয়ন ও এর বিধিমালা কার্যকর করেছে সরকার। এ ছাড়া একটি প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ স্পট ঝুঁকিমুক্ত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য স্পটও ঝুঁকিমুক্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। প্রকৌশলগত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থাপন করা হচ্ছে প্রয়োজনীয় সাইন-সিগন্যাল। এ ছাড়া চালকদের বিশ্রামের ব্যবস্থা ও চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নবায়ন ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ