spot_img

আজ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর আজ শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন কর্তৃপক্ষ ঘোষণা দেয়, রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবারই হবে ঈদুল ফিতর। এর মধ্য দিয়ে বিদায় নিল রহমত, বরকত ও নাজাতের মাস পবিত্র রমজান।

আজ সকালে মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ ও খুতবাকে ঘিরে মুসল্লিদের মধ্যে বিরাজ করছে গভীর ধর্মীয় আবহ। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও আজ ঈদের বিশেষ জামাতের আয়োজন করা হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিও স্থানীয় মুসলমানদের সঙ্গে ঈদ উদ্‌যাপনে শামিল হবেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ঈদের নামাজ, পারস্পরিক সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং নিজস্ব খাবারের আয়োজনের মধ্য দিয়ে তারা প্রবাসের মাটিতেই ঈদের আনন্দ খুঁজে নিবেন।

এদিকে বাংলাদেশে বৃহস্পতিবার (১৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ