spot_img

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদ্‌যাপিত হচ্ছে ঈদুল ফিতর

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ার ঘোষণা দিয়ে রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার কথা জানায়। এরপর শুক্রবারকে ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানায়, দেশটির সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৯ মার্চ) ছিল রমজানের শেষ দিন। সে অনুযায়ী আজ শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতেও একই সিদ্ধান্ত জানানো হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, বৃহস্পতিবার রমজানের শেষ দিন পূর্ণ হয়েছে এবং শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদুল ফিতর। কাতারের চাঁদ দেখা কমিটিও একই ঘোষণা দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার ছিল রমজানের ৩০তম দিন এবং শুক্রবার ঈদের প্রথম দিন।

কুয়েতের চাঁদ দেখা কমিটিও শুক্রবারকে ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে একই দিনে ঈদ উদ্‌যাপিত হচ্ছে।

আজ সকাল থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদের জামাত, শুভেচ্ছা বিনিময় এবং পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মক্কা ও মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন শহরে ঈদের নামাজের সময়সূচিও আগেই নির্ধারণ করা হয়।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিও স্থানীয় মুসলমানদের সঙ্গে ঈদের আনন্দে শরিক হয়েছেন। নামাজ, সাক্ষাৎ ও নিজস্ব আয়োজনের মধ্য দিয়ে তারা প্রবাসে ঈদ উদ্‌যাপন করছেন।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি, ওয়াম, কাতার নিউজ এজেন্সি, কুনা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ