ইমারাতে ইসলামিয়ার অর্জন ও উন্নয়ন তুলে ধরতে একটি নতুন ইনফরমেশন ব্যাংক চালু করার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। এর মাধ্যমে সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন সম্পর্কিত তথ্য এক জায়গায় সংরক্ষণ করা হবে, যাতে গণমাধ্যম সহজে ও দ্রুত সঠিক তথ্য পেতে পারে। পাশাপাশি ভুল তথ্য ও প্রোপাগান্ডা মোকাবিলায়ও এটি সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) এআরজি পত্রিকার ১০০তম সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ এ কথা জানান।
মাওলানা মুজাহিদ বলেন, জনসাধারণের তথ্যপ্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য সরবরাহ শত্রুপক্ষের প্রোপাগান্ডা মোকাবিলায় সহায়তা করে। পাশাপাশি তথ্য আদান-প্রদানের প্রতিটি উদ্যোগ জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং শাসন ব্যবস্থার স্থিতিশীলতা জোরদার করে।
আফগান মুখপাত্র ইমারাতে ইসলামিয়ার অধীনস্থ সব প্রতিষ্ঠানের মুখপাত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন সময়মতো সঠিক তথ্য এই ব্যাংকে জমা দেন। তিনি ইনফরমেশন ব্যাংকটিকে গণমাধ্যমের জন্য একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে উল্লেখ করেন।
সূত্র: হুরিয়াত রেডিও











