spot_img
spot_img

সৎভাই হামজাকে গৃহবন্দি রাখার আদেশ দিলেন জর্ডানের বাদশাহ

অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হওয়া সৎভাই হামজাকে গৃহবন্দি রাখার আদেশ দিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সানী।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আদেশ দেন বাদশাহ। সেখানে নিজের সৎভাই ‘মানসিকভাবে সুস্থ নন’ উল্লেখ করে আবদুল্লাহ বলেন, ‘প্রিন্স হামজার বিষয়ে একটি ডিক্রি জারি হয়েছে। এই ডিক্রি অনুযায়ী, এখন থেকে তাকে সবসময় ঘরে অবস্থান করতে হবে। বাইরের কারো সঙ্গে যোগাযোগ ও কোথাও যাতায়াত করতে পারবেন না তিনি।’

বিবৃতিতে বলেন বাদশাহ বলেন, ‘রাজপরিবার বিষয়ক আইন অনুযায়ী গঠিত পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতেই জারি করা হয়েছে এ ডিক্রি।’

দেশটির একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারিতে জর্ডানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছিলেন প্রিন্স হামজা। অভুত্থানের মূল লক্ষ্য ছিল বাদশাহ আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করা।

তবে সেই পরিকল্পনা সফল হয়নি; বরং ‘ষড়যন্ত্রে’ যুক্ত থাকার অভিযোগে দুই জন সরকারি কর্মকর্তাকে গত বছর গ্রেপ্তার ও ১৫ বছর করে কারাবাসের সাজা দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত দুই সরকারি কর্মকর্তা হলেন জর্ডানের রাজকীয় আদালতের সাবেক প্রধান বিচারপতি বাসেম আওয়াদুল্লাহ ও সৌদি আরবে জর্ডানের সাবেক রাষ্ট্রদূত শরিফ হাসান বিন জাইদ। রাজকীয় আদালতে বিচার চলাকালে অপরাধ স্বীকার করায় দু’জনই বর্তমানে কারাগারে আছেন।

তবে প্রিন্স হামজাকে বিচারের মুখোমুখি করা হয়নি। তার প্রতি বড় ধরনের শাস্তিমূলক কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি এতদিন।

গত মাসে জর্ডানের রাজকীয় আদালত একটি বিবৃতি দেন। সেই বিবৃতিতে বলা হয়, বাদশাহকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থানের পরিকল্পনার জন্য ক্ষমা চেয়েছেন হামজা।

সেই বিবৃতির প্রতিবাদ করে হামজা বলেন, তিনি ‘প্রিন্স’ পদবি ছাড়তে প্রস্তুত আছেন। তার এক মাস পরই তাকে গৃহবন্দি ঘোষণা করা হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ