সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সামরিক ও সংবেদনশীল স্থাপনার তথ্য সংগ্রহ করে বিদেশি নেটওয়ার্কে সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ইরানের পুলিশ।
মঙ্গলবার ইরানের তেহরান গ্রেটার পুলিশ ইনফরমেশন সেন্টার এক বিবৃতিতে জানায়, পশ্চিম ও উত্তর তেহরান থেকে জটিল গোয়েন্দা অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি অনুযায়ী, আটক ব্যক্তিরা মিডিয়া কর্মীর পরিচয় ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনা সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করতেন এবং তা বিদেশভিত্তিক নেটওয়ার্কে পাঠাতেন।
বিবৃতিতে আরও বলা হয়, তারা ইরানের ভেতর ও বাইরে সক্রিয় একটি সংগঠিত চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাদের পরিচয় বা কোন বিদেশি সংস্থার সঙ্গে তারা কাজ করতেন—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে বিদেশে থাকা একটি অপারেশন রুমের সঙ্গে এনক্রিপটেড যোগাযোগ চালাতেন। অভিযানকালে একটি স্টারলিংক রিসিভারও জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে গত ১৪ মার্চ ইরানে নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগে ২৭ জনকে আটক করা হয়। সে সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি স্টারলিংক টার্মিনাল উদ্ধার করা হয়েছিল।











