spot_img

জুলাই গণঅভ্যুত্থানে অবদান নিয়ে কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে অনুষ্ঠিত

‘স্মৃতি, সংগ্রাম ও আগামীর প্রত্যাশা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কওমী মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৬ উপলক্ষে ইউনিটি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে কওমী মাদরাসা রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের কওমী অঙ্গনের প্রায় ১৭টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

জামিল সিদ্দিকী, রফিকুল ইসলাম আইনী ও মাহমুদুল হাসানের সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি কওমী মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালনের সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ২ আগস্ট ঘোষণা করেন। একই সঙ্গে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি কনফারেন্সে উত্থাপিত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা মূসা আল হাফিজ। কওমী মাদরাসা রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জুলাই জোটের সাধারণ সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং কওমী অঙ্গনের পক্ষ থেকে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও আলেম সমাজের সাহসী ভূমিকা এবং আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কওমী মাদরাসার অবদান রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান জানান।

একই সঙ্গে জুলাই মাসে ‘কওমী মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ পালনে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানান বক্তারা।

কনফারেন্সে কওমী মাদরাসার ঐতিহ্য, সংগ্রাম, শিক্ষাক্ষেত্রে অবদান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ ধারার শিক্ষাব্যবস্থার যথাযথ মূল্যায়ন, মর্যাদা প্রতিষ্ঠা এবং জাতীয় পরিসরে ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ আলেম সমাজের মুখপাত্র রিদওয়ান হাসান ও সেক্রেটারি আকিফ আব্দুল্লাহ, জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি হুসাইন বিন সারওয়ার ও কওমী মাদরাসাবিষয়ক সম্পাদক সাঈদ আবরার, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী ও দপ্তর সম্পাদক নূর মোহাম্মাদ।

এ ছাড়া ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নূর হোসাইন সবুজ ও ভার্সিটি সম্পাদক মাহমুদুল হাসান তকী, কওমী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ও শিক্ষা সম্পাদক রশিদ আহমদ তকী, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সানাউল্লাহ খান ও সাংগঠনিক সম্পাদক ইনজামুল হক, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি আবু দারদা এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক এহসান সাজিদ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাকসুদুর রহমান জুনায়েদ ও যুগ্ম সদস্যসচিব আরিফ বিল্লাহ, শাপলা স্মৃতি সংসদের দায়িত্বশীল মাহদী হাসান শিকদারসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ