আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা হলে উত্তরার জনগণ সবার আগে তা প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রোববার (১৯ জুলা্রই) রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে বৃহত্তর উত্তরাসহ ঢাকা উত্তরের জনগণের বীরত্ব ও আত্মত্যাগ স্মরণে অনুষ্ঠানটির আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।
অনুষ্ঠানে উত্তরার শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
নাহিদ ইসলাম বলেন, উত্তরা গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান হটস্পট ছিল। প্রতিরোধের প্রধান দুর্গ ছিল এই উত্তরা। ছত্রিশে জুলাই উত্তরা থেকে গণভবনমুখী ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল। একদিকে উত্তরা, অন্যদিকে যাত্রাবাড়ী থেকে মার্চ ফর গণভবন শুরু হয়। যার মধ্য দিয়ে হাসিনা পালাতে বাধ্য হয়। আমরা উত্তরাকে কখনো ভুলে যাব না।
তিনি বলেন, দুই বছর আগের এই দিনে আমাকে গুম করা হয়। বহু মানুষকে সেদিন গুম করে হাসিনার বাহিনী। দুই বছর পর আমাদের একটাই চাওয়া, স্বৈরাচার ও দোসরদের বিচার। স্বৈরাচারের বিচার না হলে আবারও স্বৈরাচার তৈরি হবে। যাতে স্বৈরাচার তৈরি না হয়, এ জন্য আমরা বিচার চাই।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ দেশের পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি এখন ৩১ দফা ভুলে গেছে। তারা নোট অব ডিসেন্টের জুলাই সনদের কথা বলছে। নোট অব ডিসেন্টের প্রতারণা বাদ দিয়ে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করুন। সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন হতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না। যে প্রতিবেশী আমার পরিবারের সদস্যদের খুন করে, সেই প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা যায় না।
চাঁদাবাজি ও মাদকমুক্ত উত্তরা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।
এনসপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।
এ ছাড়া অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা বক্তব্য দেন।










