জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনা কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবেন না। তাকে দিল্লির অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে। তার লাশ বাংলাদেশে জানাজা পাবে না এবং ভারত সেটি পানিতে ভাসিয়ে দেবে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, এই বাংলাদেশে শেখ হাসিনার আর আসা হবে না। তার জানাজা হবে না, তার কবর হবে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে তিনি বলেছিলেন, গণভোট নাকি তারাই আবিষ্কার করেছেন। এখন গণভোটের পক্ষে থাকা জনগণের ভোট নিজেদের দিকে নিয়ে তিনি বলছেন, গণভোট অবৈধ।
তিনি আরও বলেন, আমরা আপনাদের বলতে চাই, অন্তত নিজেদের ইতিহাসের দিকে তাকান। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটির গঠনও অবৈধ ছিল। গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনারা যে সরকার গঠন করেছেন এবং ক্ষমতায় এসেছেন, সেটিও অবৈধ।
এনসিপি যুগ্ম আহ্বায়ক বলেন, সুতরাং গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের ছাড় দেবে না।
পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী।
পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।










