spot_img

সৌদির কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশ নেন জাকারিয়া। এ শাখায় টানা ১৫ পারা কুরআন হিফজের পাশাপাশি তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পাঁচটি পৃথক শাখায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সৌদি ও আন্তর্জাতিক বিচারকমণ্ডলী প্রতিযোগীদের মূল্যায়ন করেন। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হয়।

প্রতিযোগিতা চলাকালে এসপিএকে দেওয়া বক্তব্যে জাকারিয়া বলেন, কুরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে মক্কার পবিত্র ভূমিতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে এসে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে তিনি নিজের কুরআনিক জীবনের বড় সম্মান ও স্মরণীয় অর্জন হিসেবে বর্ণনা করেন।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধির প্রথম স্থান অর্জন দেশের জন্য একটি গৌরবজনক অর্জন।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

spot_img
spot_img
spot_img

সর্বশেষ