স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে আবারো মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে কঠোর নিরাপত্তায় তাঁকে বহনকারী প্রিজন ভ্যানটি কারাগারের প্রধান ফটকে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে, স্বামীর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য ঢাকা জেলা মেজিস্ট্রেটের পক্ষ থেকে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে দীপু মনিকে নিয়ে মুন্সিগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামীর দাফন সম্পন্ন হয়। দাফন শেষে নিয়ম অনুযায়ী পুনরায় তাঁকে কারাকর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।










