spot_img
spot_img

প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: নয়ন

মাগুরার প্রশাসনের একটি অংশ বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

তিনি বলেন, মাগুরার প্রশাসনের বিভিন্ন কাজকর্মে দেখতে পাচ্ছি, বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসনের একটি অংশ গোপনে বিএনপির আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কর্মীসভায় তিনি এ দাবি করেন।

নয়ন বলেন, মহম্মদপুর উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে ৯২ জনের মধ্যে ২৫ জন ছাত্রলীগের কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির নেতারা এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, যারা বিএনপি ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করতে চান, তাদের মাগুরা ও মাগুরা-২ আসনের মাটিতে এক চুলও ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরও যোগ করেন, আমরা নির্বাচনের আগেও জনগণের সঙ্গে ছিলাম, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের পাশেই থাকব।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে যুবদলের এই নেতা বলেন, আর কয়েক মাস পর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আপনারাই পছন্দ করে যোগ্য প্রার্থী বাছাই করবেন এবং সেই প্রার্থীকে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ