spot_img
spot_img

ইরানের রেভল্যুশনারি গার্ড বিশেষজ্ঞদের ইয়েমেনের বাব আল-মান্দাব পরিদর্শন

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি এলাকা পরিদর্শন করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের বিশেষজ্ঞরা। হুথি বাহিনীর দুটি সামরিক সূত্রের দাবি, পরিদর্শনকালে তাঁরা পাহাড়ি এলাকায় সুড়ঙ্গ খননের কাজ তদারকি এবং রাডার স্থাপনের পরিকল্পনা পর্যালোচনা করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা আরবি।

হুথি বাহিনীর দুই সামরিক সূত্র জানায়, ইরানি বিশেষজ্ঞরা ইয়েমেনের হোদেইদা থেকে এসে বৃহস্পতিবার ও শুক্রবার বাব আল-মান্দাব এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁরা মোখা শহর ও বাব আল-মান্দাব প্রণালির দিকে মুখ করে থাকা পাহাড়ে সুড়ঙ্গ খননের কাজ তদারকি করেন।

সূত্রগুলোর দাবি অনুযায়ী, বিশেষজ্ঞরা মোখার কাছে এবং লোহিত সাগরের জাকার দ্বীপে রাডার স্থাপনের বিষয়ও পর্যালোচনা করেন। পাশাপাশি মোখা বন্দর, বিমানবন্দর ও শহরটির পূর্বে অবস্থিত জাবাল আল-নার সামরিক শিবির পরিদর্শন করেন তাঁরা।

তবে ইরানের পক্ষ থেকে এ সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণের তথ্য পাওয়া যায়নি। রাডার স্থাপনের পরিকল্পনা পর্যালোচনা করা হলেও সেগুলো ইতোমধ্যে স্থাপন করা হয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

এদিকে বাব আল-মান্দাবের কাছে কাহবুব পাহাড়ি এলাকায় ইরান সমর্থিত হুথি বাহিনী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্রগুলো।

লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাব আল-মান্দাব আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে প্রণালিটির নিরাপত্তা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার লোহিত সাগর ও বাব আল-মান্দাবে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে।

সূত্র : আল জাজিরা আরবি ও এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ