ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ন্যাটোর মিত্র দেশগুলো আমেরিকাকে সহায়তা করেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর পক্ষ থেকে সহায়তা না পাওয়ার বিষয়টি তিনি মিত্রদের প্রতি নিজের অসন্তোষের কারণ হিসেবে তুলে ধরেছেন।
সোমবার (১৯ অক্টোবর) একটি নির্বাচনী প্রচার সভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ন্যাটোর মিত্রদের সমালোচনা করেন। তিনি বলেন, ইরান ইস্যুতে আমেরিকা ন্যাটোর কাছে সহায়তা চেয়েছিল। তবে মিত্ররা তা প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে আমেরিকার আসলে সহায়তার প্রয়োজন ছিল না। তিনি মিত্রদের অবস্থান যাচাই করতেই সহায়তা চেয়েছিলেন। তিনি বলেন, আমরা যখন ইরানে সাহায্য চেয়েছিলাম, যে সাহায্য আমাদের প্রয়োজন ছিল না, তখন আমি পরীক্ষা করছিলাম। আমি জানতে চেয়েছিলাম, তারা কি আমাদের সাহায্য করবে?
ন্যাটোকে সুরক্ষিত রাখতে আমেরিকা প্রতিবছর শত শত বিলিয়ন ডলার ব্যয় করে উল্লেখ করে ট্রাম্প বলেন, এরপরও আমেরিকা যখন মিত্রদের সহায়তা করতে বলেছে, তখন তারা ‘না, ধন্যবাদ’ বলে সরে গেছে।
তিনি বলেন, আমরা তাদের সুরক্ষার জন্য ন্যাটোতে প্রতিবছর শত শত বিলিয়ন ডলার ব্যয় করি। কিন্তু আমরা যখন বললাম, আপনারা কি সাহায্য করতে চান? তারা বলল, না, ধন্যবাদ। না, ধন্যবাদ মানে কী?
ট্রাম্প আরও বলেন, ইউরোপের কিছু দুর্বলতা ও ত্রুটি থাকা সত্ত্বেও আমেরিকা ইউরোপের পাশে রয়েছে। তবে ন্যাটোর মিত্ররা দ্রুত নিজেদের অবস্থান পরিবর্তন না করলে জোট থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটোর মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্পের অসন্তোষ এর আগেও প্রকাশ পেয়েছে। চলতি বছরের জুনে তিনি ইতালি, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সসহ কয়েকটি ন্যাটো সদস্য দেশের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন।
সূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স











