নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদের সংলাপ শুরু হয়েছে আজ।
পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ করবেন প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এই সংলাপে অংশ নিয়ে কারো কোন লাভ হবে না।
আজ সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর ডা. জাফরুল্লাহ এ কথা বলেন।
ড. জাফরুল্লাহ বলেন, প্রেসিডেন্টের নিজস্ব কোনো ক্ষমতা নেই সার্চ কমিটি করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার। আর এ সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখানে চিন্তা করতে হবে জাতীয় সরকার গঠন করে তার অধীনে ও নিয়ন্ত্রণে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এছাড়া কোনো মতে কোনো প্রকারে গণতন্ত্রের উন্নয়ন হবে না।
তিনি বলেন, লোক দেখানো কাহিনী আমরা জানি। এখানে এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে যাদের কোমরে জোর নেই। যাদের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই।










