ভারত মহাসাগর এবং ওমান সাগরের অংশবিশেষে আজ থেকে শুরু হচ্ছে রাশিয়া, চীন ও ইরানের যৌথ নৌ মহড়া। সামরিক সহযোগিতা বাড়ানো এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হবে বলে দাবি করেছে ওই তিন দেশ।
মহড়ার মুখপাত্র রিয়ার এডমিরাল মোস্তফা তাজউদ্দিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাশিয়া, চীন ও ইরানের অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় মহড়া এবং ভবিষ্যতেও এমন মহড়া অব্যাহত থাকবে। এই মহড়ার লক্ষ্য হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং তিন দেশের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা প্রতিষ্ঠা করা। এছাড়া, বিশ্ব শান্তি এবং সমুদ্র নিরাপত্তার প্রতি তিন দেশের যৌথ সমর্থনের বিষয়টিও মহড়ার মাধ্যমে তুলে ধরা আরেকটি লক্ষ্য। পাশাপাশি জলদস্যুদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা এবং বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার কৌশলগত অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করাও এই মহড়ার কয়েকটি লক্ষ্য।











