বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র, নির্বাচন এবং জীবন-জীবিকার বারটা বাজিয়ে আওয়ামী লীগ মাফিয়াতন্ত্র কায়েম করেছে। দেশ আজ দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়াদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাদের দৌরাত্ম্যে দেশবাসী অতিষ্ঠ। জনজীবন বিপন্ন। এই দুঃসহ পরিস্থিতি থেকে দেশ ও জনগণকে উদ্ধার করতে বিএনপিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সোমবার (২১ মার্চ) ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে দেশ পরিচালনা ও জনজীবনে বিরাজমান সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতা প্রকটভাবে ফুটে উঠেছে। উন্নয়ন নিয়ে সরকারের মিথ্যাচার জনগণের সাথে উপহাস ছাড়া কিছুই নয়। জনগণের দল বিএনপি জনগণের এই চরম দুর্দিনে বসে থাকতে পারে না।
বিএনপির এ নেতা বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে ব্যর্থ ও দুঃশাসক সরকার হঠিয়ে গণতন্ত্র ও সুশাসন এবং জনঅধিকার প্রতিষ্ঠার শপথ নিতে হবে।










