মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পেন্টাগন ইরানের হামলায় আহত মার্কিন সেনাদের তথ্য গোপন রেখেছে বলে অভিযোগ উঠেছে। এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, গত সপ্তাহে জর্ডানে ইরানের তিন দফা হামলায় বহু মার্কিন সেনা আহত হন এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়। তবে এসব তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এছাড়া, শুক্রবার জর্ডানে ইরানের আরেক হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার আগেই উল্লেখযোগ্য সংখ্যক সেনা আহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানান, আহত সেনাদের তথ্য প্রকাশ করা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর জন্য বাধ্যতামূলক নয়।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধে মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ৪০০ জনের বেশি সেনা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে উভয় পক্ষ একাধিকবার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।










