জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তরুণ ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। দেশ গঠনে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি জনগণের সহযোগিতা চায়।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জনগণের কাছে এসেছি। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন।
তিনি বলেন, আমরা তরুণ, আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন। বর্তমানে সংসদে এনসিপির ছয়জন সদস্য জনগণের কথা তুলে ধরছেন। ভবিষ্যতে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি আরও বড় পরিসরে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে চায়।”
বিএনপির উদ্দেশে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের গণভোটের রায়কে মূল্যায়ন করতে হবে।
শেখ পরিবারের নেতৃত্ব প্রসঙ্গে হাসনাত বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।










