ইন্তেকাল করলেন পূর্ব ইউরোপে ইসলামকে টিকিয়ে রাখতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট দাঈ ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অপর শায়েখ ফাতেহ আলী হাসানাইন আস-সুদানী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
সোমবার (১৯ আগস্ট) ফজরের সময় ইস্তাম্বুলের এক হসপিটালে তার ইন্তেকাল হয়।
তার পুত্র মুহাম্মদ আল ফাতিহ সংবাদমাধ্যমকে জানান, তার বাবা নিউমোনিয়া সহ বেশকিছু রোগে ভুগছিলেন। নিউমোনিয়া বেড়ে গেলে গত ২ সপ্তাহ পূর্বে তাকে ইস্তাম্বুলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি ঘটলে ডাক্তাররা তাকে আইসিওতে স্থানান্তর করেন। সোমবার ফজরের সময় তার ইন্তেকাল হয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, মঙ্গলবার (২০ আগস্ট) বাদ জোহর ইস্তাম্বুলের সুলতান আইয়ুব মসজিদ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মুসলিম ওলামা পরিষদ বা ইত্তেহাদুল আলমী লি-উলামা-ইল মুসলিমীনের প্রধান শায়েখ ড. আলি আল কারাহদাগী তার জানাযা পড়ান।
বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ হাসান আদ-দাদৌ, তুরস্কের আধ্যাত্মিক গোষ্ঠী ইসমাইলীয়া নকশেবন্দীয়া জামাতের প্রধান শায়েখ হাসান আফেন্দি, ইস্তাম্বুলের গভর্নর দাউদ গুল, বর্তমান ধর্মমন্ত্রী ড.আলি এরবাশ, সাবেক ধর্মমন্ত্রী প্রফেসর মুহাম্মদ গরমেজ সহ তুরস্কের প্রায় সকল রাজনৈতিক নেতা ও পার্লামেন্ট সদস্য জানাযা ও জানাযা পূর্ব শোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানাযার পূর্বে প্রফেসর গরমেজ ইসলাম ও মানবিক খাতে শায়েখ হাসানাইনের বৈশ্বিক অবদানের কথা তুলে ধরে তাকে স্মরণ করেন। বসনিয়া-হার্জেগোভিনার যুদ্ধকালীন সময়ে পূর্ব ইউরোপে ইসলামের স্বার্থে তার সামনে থেকে নেতৃত্বের কথা বিশেষভাবে স্মরণ করেন।
বিশিষ্ট দাঈ শায়েখ হাসানাইন ১৯৪৬ সনে সুদানের সিনার জেলার কিরকুক শহরে জন্মগ্রহণ করেন। সার্বিয়ার বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারনাল মেডিসিন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি পূর্ব ইউরোপে ইসলামের প্রসার ও ৩য় বিশ্বের দেশগুলোতে মানবিক সহায়তার কাজে নিজেকে সপে দেন।
তিনি বসনিয়ার প্রয়াত প্রেসিডেন্ট আলি ইজ্জাত বেগোভিচের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। উচ্চতর ইসলাম শিক্ষার সুযোগ করে দিতে বসনিয়ার বিহাজে একটি উচ্চতর মাদরাসা প্রতিষ্ঠা করেছিলেন। গঠন করেছিলেন পূর্ব ইউরোপীয় মুসলিম ছাত্র ইউনিয়ন।
আন্তর্জাতিক আনসারুন নবী পরিষদের প্রধান শায়েখ সগীরের বর্ণনামতে, প্রেসিডেন্ট এরদোগানের বৈশ্বিক ত্রাণ ও সহায়তা কার্যক্রমের অন্যতম পথপ্রদর্শক ছিলেন শায়েখ হাসানাইন। তিনি তার আধ্যাত্মিক শায়েখও ছিলেন। মৃত্যু পর্যন্ত তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন এরদোগান।
শায়েখ হাসানাইনের সাথে সম্পর্কের কথা এরদোগান নিজেই ইতোপূর্বে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ১৯৭০ থেকেই শাইখ হাসানাইনের সাথে তার সম্পর্ক রয়েছে বলে তিনি বর্ণনা করেন। তিনি আরো বলেন, শায়েখ হাসানাইন আমার শিক্ষক এবং আধ্যাত্মিক রাহবার।
সূত্র: আল জাজিরা











