পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড ৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থা পরীক্ষা করবে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া প্রয়োজন কি না, সে সিদ্ধান্তও নেবেন চিকিৎসকরা।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে দুই দিনের মধ্যে আদিয়ালা কারাগার থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। একই সঙ্গে তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, চিকিৎসার সময় ইমরান খানের বোন ডা. উজমা খান ও ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান সংশ্লিষ্ট থাকতে পারবেন।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে পিটিআই।
সাম্প্রতিক সময়ে তার স্বাস্থ্য নিয়ে পরিবার ও দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল। চলতি বছরের জানুয়ারিতে তার ডান চোখে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ বা সিআরভিও সমস্যা ধরা পড়ে।
সূত্র : আল জাজিরা










