spot_img
spot_img

জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর তিনজন হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

ট্রাইব্যুনাল পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আগামী ২২ অক্টোবর হাজির করার নির্দেশ দিয়েছেন।

মামলার অপর তিন আসামি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বর্তমানে কারাগারে রয়েছেন। তাদেরও আগামী ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাষ্ট্রপক্ষ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এস এম মইনুল করিম বলেন, আসামিদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় পাঁচজনকে হত্যার অভিযোগ রয়েছে।

মামলাটিতে আনা অভিযোগগুলোর বিচার এখনো চলমান প্রক্রিয়ার অংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ