নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ফখরুল সাহেব বলেন, আওয়ামী লীগের কথা শুনলে ঘোড়া হাসে। ওরা বলে ১০ তারিখ খালেদা জিয়া আসবেন, ১১ তারিখ তারেক জিয়া আসবে। ঘোড়ার ডিম আসবে। যেদিন ঘোড়া ডিম পাড়বে সেদিন তারা আসবে।
আজ শুক্রবার (২১ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ জেলা ও আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, সম্মেলনকে ঘিরে অনেক পত্রিকা লেখালেখি করছে শামীম ওসমান প্রার্থী। আমি জাতির পিতার কন্যার যে স্নেহ পেয়েছি সেটাই সবচেয়ে বড় পাওয়া। জাতির পিতার কন্যা আমাদের নিয়ে রাজনীতি করছেন। ছেলে মেয়েদেরও দূরে রাখেন। সারাদিন কাজ করার পর কারও সাথে যে কথা বলবেন সে সামর্থ্য নেই।
তিনি বলেন, আমি নেত্রীকে বলেছিলাম আমাদের ছেড়ে দেন। আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তখন তিনি বললেন, তার স্বপ্ন পূরণ হয়নি। সেটা হলো মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ। আমরা একটা জায়গায় চলে গিয়েছিলাম। এখন একটা ধাক্কা আসছে। জাতিসংঘ বলছে, সারা পৃথিবীতেই দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেখানে তিনি জাতিকে সচেতন করছেন। আর বিএনপি বাঁশে জাতীয় পতাকা বেঁধে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। তারা প্রকৃত রাজনীতিবিদ না। সেটা হলে আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারত না। যারা মানুষ মেরে রাজনীতি করতে চায় তাদের বিচার জনগণ করবে।










