আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুলনায় বিএনপির সমাবেশ নিয়ে ভয় পেয়ে মালিক-শ্রমিকরাই পরিবহন বন্ধ করেছেন। এ ব্যাপারে সরকার কোনো নির্দেশ দেয়নি।
শুক্রবার (২১ অক্টোবর) বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসে বিএনপির ঢাকায় সমাবেশ। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। ডিসেম্বর মাসে বিএনপির রাজপথ দখল করা এক রঙিন খোয়াব।
ওবায়দুল কাদের আরও বলেন, জঙ্গিবাদের যন্ত্রণা শেখ হাসিনাই সবচেয়ে ভালো বোঝেন। কাজেই বাংলাদেশকে তিনি জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক দেশ হিসেবেই গড়ে তুলছেন।










