সোমবার | ৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের অবসান ঘটাতে হবে : জামায়াতের নায়েবে আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডের মূল ভিত্তি হলো শিক্ষক সমাজ। মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকরা জাতি ও সমাজ গঠনে অনন্য ভূমিকা পালন করেন। তাদের অবহেলা করে কোনো দেশ বা সমাজের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষকদের প্রকৃত মর্যাদা দিতে হলে শিক্ষাব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের অবসান ঘটাতে হবে।

মঙ্গলবার(২১ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে শিক্ষক নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষকরা যাতে সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য তাদের প্রথম শ্রেণির নাগরিকের মর্যাদা দিতে হবে। শিক্ষকদের খাবার, পোশাক, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা দিতে হবে।

তিনি বলেন, উন্নত দেশগুলোতে জাতীয় বাজেটের গড়ে ৭ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয়, অথচ আমাদের দেশে তা মাত্র ১.৬৭ শতাংশ, যা জাতির জন্য লজ্জাজনক। আগামী বাজেটে অন্তত ৩ থেকে ৪ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখার দাবি জানান তিনি।

জামায়াতের নায়েবে আমীর বলেন, দেশে প্রায় ৬ লক্ষাধিক শিক্ষক দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আংশিকভাবে আদায় করেছেন। এ আন্দোলনে জামায়াতে ইসলামীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ যে সমর্থন ও সহযোগিতা দিয়েছেন, তার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এবিএম ফজলুল করিম, জামায়াতের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. রবিউল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক আ. জ. ম. কামাল উদ্দিন, মাদরাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর মাতব্বর প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ