২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে গাজ্জায় ২২ হাজারের বেশি শিশুকে হত্যা করা হয়েছে এবং ৪৫ হাজারেরও বেশি শিশু আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় এসব তথ্য জানায়।
মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা একটি আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা, যা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। শিশুদের বিরুদ্ধে ইসরাইলি অপরাধ বন্ধ করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ১১ হাজারেরও বেশি আহত শিশু গুরুতর ক্ষত নিয়ে প্রতিবন্ধকতা, শারীরিক বিকৃতি এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যায় ভুগছে। বাবা-মায়ের একজন কিংবা উভয়কে হারিয়ে ৭১ হাজারেরও বেশি শিশু এতিম হয়েছে। অন্যদিকে, প্রায় ৮ লাখ শিশু বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। তাদের অনেকেই নিরাপদ আশ্রয়, স্থিতিশীলতা কিংবা মৌলিক প্রয়োজনীয়তা থেকে বঞ্চিত।
মন্ত্রণালয় আরও বলেছে, এসব পরিসংখ্যান শুধু মানবিক ক্ষয়ক্ষতির ব্যাপকতাই তুলে ধরছে না, বরং ফিলিস্তিনি সমাজের টিকে থাকার সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও এর প্রভাব ফেলছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে গত তিন বছরে ইসরাইলি বাহিনীর হামলা এবং বসতি স্থাপনকারীদের আক্রমণে ২৬৩টিরও বেশি শিশু শহীদ হয়েছে এবং ২ হাজার ১৮৬টিরও বেশি শিশু আহত হয়েছে।
এ ছাড়া ৩৫০টিরও বেশি শিশুকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েক ডজন শিশু কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের অধীনে ইসরাইলি কারাগারে বন্দি রয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ইসরাইলি বাহিনী ও দখদার বসতি স্থাপনকারীদের হামলার পাশাপাশি শিশুদের হত্যা, আহত করা, নির্বিচারে আটক এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনা আরও তীব্র হয়েছে।
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি শিশুরা আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার অধিকারী। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের জীবন, স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য এবং সব ধরনের সহিংসতা থেকে সুরক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে শিশুদের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনি ও মানবিক বাধ্যবাধকতা পালনের অঙ্গীকারের পরীক্ষা।
এতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও এর সংস্থাগুলো, মানবিক সংগঠন এবং জেনেভা কনভেনশনের চুক্তিবদ্ধ উচ্চপক্ষগুলোর প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানো, লঙ্ঘন ও বসতি স্থাপনকারীদের হামলা বন্ধ করা এবং শিশুদের জন্য কার্যকর আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করা।
আমেরিকার সমর্থনে ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে আসছে। এতে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১ লাখ ৭৫ হাজারেরও বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ সময় গাজ্জার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
এদিকে, দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমজুড়ে ইসরাইলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ও তাদের সম্পত্তির ওপর হামলা বাড়িয়েছে। এসব হামলার মধ্যে রয়েছে হানা, গ্রেপ্তার, বাড়িঘর ধ্বংস, ফিলিস্তিনি সম্প্রদায়কে বাস্তুচ্যুত করা এবং অবৈধ বসতি সম্প্রসারণ।
সূত্র: আনাদোলু এজেন্সি











