গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলায় নিহত হয়েছেন দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিওসহ অন্তত তিনজন। নিহতদের মধ্যে ইতালির একজন সেনা ও কঙ্গোর এক পুলিশও রয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে গাড়িবহরে হামলায় তারা নিহত হন।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা তাদের গাড়িতে গুলি ছুড়লে প্রাণ হারান রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও। জাতিসংঘ কর্মকর্তাদের অপহরণের উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল।
তবে এ ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট নয়। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। কঙ্গোর সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীদের খুঁজতে ওই এলাকায় চিরুণী অভিযান চালানো হচ্ছে।










