spot_img

বেঁচে থাকার নিশ্বাস নিতে মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায়: মির্জা ফখরুল

বেঁচে থাকার নিশ্বাস নিতে মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকারের দুঃশাসন, দুর্নীতি থেকে দেশের প্রতিটি মানুষ মুক্তি চায়। তাদের নাভিশ্বাস উঠেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে, এর মধ্যে কিছু নেই। এখন তারা আবার নির্বাচন কমিশন গঠনের নামে একটি সার্চ কমিটি গঠন করেছে। সেই সার্চ কমিটির প্রত্যেকে তাদের লোক, এরাই আবার নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবেন। আসলে এরা হুদার (সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা) মতোই লোক, অনেকে বলেন এবার বেহুদার মতো হবে। স্পষ্ট করে বলছি, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দায়ে এদের একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচার হতে হবে।

তিনি বলেন, এই সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তাই নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করা হবে। তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ