spot_img

‘আমি বিএনপি নামক ফুল বাগানের মালি হয়ে জীবন চালিয়ে যেতে দৃঢ়সংকল্প’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গােটা দেশের মানুষ যখন বলে সিলেটের মেয়র বিএনপির আরিফুল, তখন বাগানে ফুটে বিএনপি নামক ফুল! আমি সেই বাগানের মালি হয়ে আমার সারাজীবনের রাজনৈতিক জীবন চালিয়ে যেতে দৃঢ়সংকল্পে বলিয়ান।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্য আরিফুল হক চৌধুরী বলেন, আমার অতীত ভালােমন্দ আপনাদের ও প্রিয় বিএনপি নেতাকর্মী সঙ্গে নিয়েই। সর্বোপরি সিলেটের সকল পর্যায়ের জনতাকে সাথী করেই অতিক্রম করেছি সকল ক্রান্তিলগ্ন। তাই আজ এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমি জিয়াউর রহমান সাহেবের সময় হতে ছাত্রদল থেকে শুরু করে আজ তিলে তিলে ভালােমন্দ, চড়াই-উৎরাই পার করে চলা এক বিএনপি কর্মী। আমার চলার সাথী সিলেটের তৃণমূল বিএনপি নেতাকর্মী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা, দলীয় শৃঙ্খলা ও আপােষহীনভাবে কমান্ড মেনে চলার দৃঢ়তা আমার পাথেয়।

তিনি বলেন, বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমার কাছে নীতিনির্ধারণী বহুজাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় একজন ব্যক্তির চেয়ে অবশ্যম্ভাবীভাবে অতীব গুরুত্বপূর্ণ। আমাদের আদর্শিক চেতনার নেতা প্রেসিডেন্ট জিয়া বলে গেছেন- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। তাই সেই মতের সিপাহী হয়ে এর বাইরে আমার এক কদমও নেই এবং চলতে পারে না। এমতাবস্থায় দলের হাইকমান্ড মনে করেছেন একজন মেয়র হয়ে সিলেটের যে প্রভুত উন্নয়ন প্রকল্প নিয়ে আপনাদের সহযােগিতায় নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী পরিশ্রম করার চেষ্টা করছি -সেই লক্ষ্যে আরও মনােনিবেশ করে আগামীতে দলের স্বার্থে বড় কোনো কাজের জন্য প্রস্তুত থাকা বেশি গুরুত্বপূর্ণ। এমতাবস্থায় বিএনপি হাইকমান্ডের নির্দেশনার আলােকে আসন্ন সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতির পদ হতে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিতে আমি অকুণ্ঠভাবে ঘােষণা করছি। এবং এই ঘােষণার সাথে সাথে আমার সঙ্গে পথচলা সকল নেতাকর্মী তথা বিএনপির প্রাণ-সিলেট জেলার প্রত্যেক তৃণমূল নেতাকর্মীদের বুকে ঠাই পাওয়া আরিফ নিঃসঙ্কোচে স্বীকার করছি, জানান দিচ্ছি – আমি আপনাদের ভালােবাসায় সিক্ত, আপ্লুত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ