মুন্সিগঞ্জ সদরের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে প্রতিষ্ঠানির গণিত ও বিজ্ঞানের শিক্ষক হৃদয় মন্ডলকে আটক করেছে পুলিশ। তার বাড়ি সিরাজদিখানের চিত্রকোট এলাকায়।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২১ মার্চ) বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিষয়ে ক্লাস নিচ্ছিলেন হৃদয় মন্ডল। এ সময় তিনি ইসলাম ধর্ম ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে আপত্তিকর কথা বলেন। এবং অপমান করেন। যা শিক্ষার্থীরা মোবাইলে রেকর্ড করে। এ বিষয়ে ক্লাস শেষে শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করেন। পরে বিষয়টি জানাজানি হলে আজ মঙ্গলবার বিদ্যালয় চলাকালীন সময় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।
এ বিষয়ে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, দশম শ্রেণির কিছু ছাত্র-ছাত্রী এসে আমাকে বললো ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তি করেছে শিক্ষক হৃদয় মন্ডল। তার বিচার চাই। আমি তাদের বললাম ঘটনার সত্যতা পেলে বিচার হবে। পরে আমি অন্যান্য শিক্ষক ও অভিভাবক সদস্যদের সাথে আলোচনা করে হৃদয় মন্ডলকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেই। দুপুর ১২টার দিকে ছাত্র ও কিছু এলাকার মানুষ এসে বিক্ষোভ করে। তখন তাদের বুঝানোর চেষ্টা করি ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব না দিতে পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কিন্তু তারা তা না মানায় আমরা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দেই।











