spot_img

সংলাপ না হলে পাক-আফগান সংঘাত আরও রক্তক্ষয়ী হবে : আইসিজি

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দ্রুত আরও ভয়াবহ ও প্রাণঘাতী সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। সংস্থাটি বলেছে, দুই পক্ষ দ্রুত সংলাপে না ফিরলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে।

সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে আইসিজি জানায়, গত সপ্তাহে কাবুলের একটি হাসপাতালে হামলার ঘটনা পরিস্থিতিকে নতুন মাত্রায় উসকে দিয়েছে। এতে আগে থেকেই টানাপোড়েনে থাকা দুই দেশের সম্পর্ক সরাসরি মুখোমুখি সংঘাতের আরও কাছাকাছি পৌঁছে গেছে। বিশ্লেষকদের মতে, চলমান বিমান হামলা ও কামান গোলাবর্ষণের পাল্টাপাল্টি ঘটনায় বৃহত্তর আঞ্চলিক সংকটের আশঙ্কাও বেড়েছে।

আফগান রাজধানীর একটি বড় মাদক পুনর্বাসন হাসপাতালে চালানো ওই হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং অন্তত ২৬৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে অভিযোগ করেছে, তেহরিকে তালেবান পাকিস্তানসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আফগান ভূখণ্ড থেকে কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে। তবে আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে কাবুল পাকিস্তানের সামরিক তৎপরতাকে নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

আইসিজি সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতি এমন এক সহিংসতার চক্রের দিকে যাচ্ছে, যা পাকিস্তানের জন্য বড় ধরনের সামরিক ক্ষতির কারণ হতে পারে, অথচ কৌশলগতভাবে তাতে খুব বেশি লাভ হবে না।

সংস্থাটি আরও বলেছে, চলমান এই লড়াই আফগানিস্তানকে কূটনৈতিকভাবেও আরও বিচ্ছিন্ন করে ফেলেছে।

রোববার (১৬ মার্চ) হামলার পর কয়েকটি দেশ শোক ও সমবেদনা জানিয়েছে। তবে পাকিস্তানের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা তুলনামূলকভাবে সীমিত ছিল। একই সঙ্গে কাবুলকে নিজেদের সীমান্তের ভেতরে সশস্ত্র তৎপরতা দমনে পদক্ষেপ নেওয়ার আহ্বানও বেড়েছে।

আইসিজি জোর দিয়ে বলেছে, দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠন এবং অভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা এখন জরুরি। সংস্থাটি সতর্ক করেছে, নতুন করে সম্পৃক্ততা ও সংলাপ শুরু না হলে সামনে আরও প্রাণঘাতী সহিংসতা প্রায় অনিবার্য হয়ে উঠবে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ